খুলনায় এ বছর ৭৯টি হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণই কারণ?

খুলনা মহানগর ও জেলায় ব্যাপকহারে বেড়েছে হত্যার মতো গুরুতর অপরাধের ঘটনা। বিভিন্ন স্থানে প্রকাশ্যে গুলির ঘটনায় নিরাপত্তা শঙ্কায় সাধারণ মানুষ। মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি ঘিরে খুলনায় হত্যার ঘটনা বাড়ছে বলে উদ্বেগ জানিয়েছে খুলনা নাগরিক সমাজ। 

এ বছর খুলনা জেলায় অন্তত ৭৯টি হত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে নগরে ৩৯টি, জেলায় ৪০টি। কেএমপির উপ-কমিশনার মো. রেজাউর রহমান ও খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক এ তথ্য জানিয়েছেন।  

এছাড়া চাঁদার দাবিতে নগরীর অন্তত পাঁচটি প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়। অপরাধ নিয়ন্ত্রণে চলতি সপ্তাহে অভিযান শুরু করেছে যৌথবাহিনী। পুলিশ বলছে, চিহ্নিত অপরাধীরা গ্রেপ্তারের পর জামিনে বেরিয়ে ফের অপরাধে জড়াচ্ছে।  

গত ১৭ নভেম্বর আড়ংঘাটা এলাকায় সন্ত্রাসীদের গুলিতে আহত হন এক ব্যবসায়ী ও এক ভ্যান চালক । তার ৫ দিন আগে রূপসায় চায়ের দোকানের সামনে দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারান বিএনপি নেতা জাকির হোসেন। আর ৫ নভেম্বর প্রধানমন্ত্রীর সফরের দিন, ডুমুরিয়ায় গুলিতে নিহত হন এক বিএনপি নেতার ছেলে।  

এ বছর অন্তত ৫টি চিকিৎসা ও ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদার দাবিতে ভাঙচুর চালানো হয়েছে। খুলনা নাগরিক সমাজ বলছে, চাঁদাবাজি-হামলার অনেক ঘটনায় ভুক্তভোগীরা মামলাও করছেন না।  
 
পুলিশের তথ্যমতে, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের মধ্যে বি কম্পানী, পলাশ গ্রুপ, নূর আজীম গ্রুপ, আশিক গ্রুপ, ও নাসিম গ্রুপ বেশি সক্রিয়। সন্ত্রাসীদের গ্রেপ্তারের পর জামিনে বেরিয়ে ফের অপরাধে জড়াচ্ছে তারা। জননিরাপত্তা নিশ্চিতে ১৬ নভেম্বর থেকে জেলায় চলছে যৌথ বাহিনীর টহল। 

 গত দশ মাসে খুলনায় ৭৭টি আগ্নেয়াস্ত্র ও ৩৭৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এসব ঘটনায় ১১২ জনকে গ্রেপ্তার ও  ৬৬টি মামলা দায়ের হয়েছে।