নামের মিলের কারণে ভারতের দিল্লিতে একটি হত্যা মামলায় দণ্ডিত হয়ে প্রায় ১৮ বছর কারাবাসের পর চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেয়েছেন বাগেরহাটের মোংলার বাসিন্দা বাদল ফরাজী। মঙ্গলবার তাকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে বাগেরহাট জেলা কারাগারে নেওয়া হয়েছে। সেখান থেকে পুলিশ পাহারায় তাকে মোংলা পৌরসভার কুমারখালী এলাকার নিজ বাড়িতে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলছে।
মঙ্গলবার বেলা ২টা ১৫ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্যে প্রিজন ভ্যানে করে তাকে বাগেরহাট জেলা কারাগারে নেওয়া হয়। তবে কখন তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হবে, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট সময় জানানো হয়নি। প্রশাসন জানিয়েছে, মঙ্গলবার রাতে অথবা বুধবার তাকে বাড়িতে নেওয়া হতে পারে।
বাগেরহাট জেলা কারাগারের জেল সুপার মো. মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে প্যারোলে মুক্তি পাওয়ার পর পুলিশ পাহারায় বাদলকে বাগেরহাট জেলা কারাগারে আনা হয়েছে। পরিবারের কাছে পৌঁছে দেওয়ার প্রশাসনিক প্রক্রিয়া চলছে।
এর আগে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, চার সপ্তাহের প্যারোলে মুক্তির প্রক্রিয়া শেষে মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে বাদল ফরাজীকে বাগেরহাট পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গত ১৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা থেকে তার প্যারোলে মুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটকে অনুরোধ জানানো হয়েছিল।
এদিকে, দীর্ঘ ১৮ বছর পর বাদলকে কাছে পাওয়ার অপেক্ষায় তার বাড়িতে ঘর গুছিয়ে রেখেছেন স্বজনেরা। তবে প্যারোলে মুক্তিতে সন্তুষ্ট নন তারা। পরিবারের দাবি, বাদলকে স্থায়ীভাবে মুক্তি দিতে হবে।
বাদলের মা শেফালী বেগম আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘মিথ্যা মামলায় এতদিন আমার ছেলেকে আটকে রাখা হয়েছে। আমরা সরকারের কাছে দাবি করেছিলাম তাকে স্থায়ীভাবে মুক্তি দেওয়া হোক। স্থায়ী মুক্তি না দিয়ে প্যারোলে মুক্তি দেওয়ায় আমরা পুরোপুরি মেনে নিতে পারছি না। আমি আমার ছেলের স্থায়ী মুক্তি চাই।’
বড় বোন আকলিমা বেগম বলেন, ‘ভাইকে কাছে পাওয়ার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। সে বাড়িতে ফিরে কোথায় থাকবে, তার জন্য ঘর ও আনুষঙ্গিক সবকিছু গুছিয়ে সাজিয়ে রাখা হয়েছে। প্যারোলে মুক্তির বিষয়ে পুরোপুরি সন্তুষ্ট হতে না পারলেও দীর্ঘদিন পর ভাইকে কাছে পাচ্ছি ভেবে আমরা আনন্দিত।’
যেভাবে নামের ভুলে কারাবাস
২০০৮ সালের ৬ মে ভারতের দিল্লির লাজপত নগরের দয়ানন্দ কলোনিতে নির্মলা মাদান (৭১) নামের এক নারী খুন হন। ওই হত্যাকাণ্ডে ভারতীয় পুলিশ নিহত নারীর গৃহকর্মী বাদল সিং নামের এক ব্যক্তিকে খুঁজছিল।
ঘটনার দুই মাস সাত দিন পর, ২০০৮ সালের ১৩ জুলাই তাজমহল দেখতে পর্যটক ভিসায় ভারতে যান মোংলার অষ্টম শ্রেণির শিক্ষার্থী বাদল ফরাজী। সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নামের মিলের কারণে তাকে হত্যা মামলার আসামি বাদল সিং হিসেবে গ্রেপ্তার করে। হিন্দি ও ইংরেজি ভাষায় দক্ষতা না থাকায় সে সময় নিজের পরিচয় যথাযথভাবে তুলে ধরতে পারেননি তিনি। পরে পাসপোর্ট, ভিসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্রসহ বিভিন্ন নথি উপস্থাপন করা হলেও মুক্তি পাননি।
২০১৫ সালের ২২ আগস্ট দিল্লির একটি আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। দিল্লি হাইকোর্টও সেই সাজা বহাল রাখেন। ভারতের তিহার কারাগারে প্রায় ১০ বছর বন্দি থাকাকালে তিনি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের পড়াশোনা সম্পন্ন করেন।
পরবর্তী সময়ে ভারত-বাংলাদেশ বন্দি স্থানান্তর চুক্তির আওতায় ২০১৮ সালের ৬ জুলাই তাকে দেশে ফিরিয়ে আনা হয়। প্রথমে কেরানীগঞ্জ এবং পরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রাখা হয় তাকে। দীর্ঘ আইনি ও মানবাধিকারকর্মীদের প্রচেষ্টার পর অবশেষে চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেলেন বাদল ফরাজী।