মেহেরপুরে বিসিকের উপ-ব্যবস্থাপক শামসুজ্জামান মিঠুর (৫৬) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে বিসিকের সীমানা প্রাচীরের সঙ্গে পুকুরের পাশে একটি আম গাছ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
মৃত মিঠুর বাড়ি ঝিনাইদহ শহরের স্টেডিয়াম পাড়ায়।
পুলিশের ভাষ্য, সকালে বিসিকের নিরাপত্তা প্রহরী সীমানার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দেয় কর্তৃপক্ষ। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। এ সময় সেখান থেকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন, চশমাসহ আলামত সংগ্রহ করে। তবে কীভাবে কি হয়েছে সেটি জানা যায়নি এখনও।
মেহেরপুর বিসিক সূত্রে জানা গেছে, শামসুজ্জামান মিঠু এর আগে চুয়াডাঙ্গা জেলায় ভারপ্রাপ্ত উপ-ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। গত জুলাই মাসের ১১ তারিখে প্রমোশন পেয়ে মেহেরপুরে উপ-ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন।
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া কিছুই বলা যাবে না।