বাগেরহাটের ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

বাগেরহাটের রামপালে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলার তেঁতুলিয়া ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বাগেরহাটের রামপাল উপজেলার শংকরনগর  গ্রামের এনামুল (২৬), পাশ্ববর্তী বেলাই গ্রামের আরিফ (২৭), এবং ফকিরহাট উপজেলার লখপুর গ্রামের সাইদুল (২৮)। নিহত তিনজনই মাছের ঘেরের কর্মচারী ছিলেন।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম এই তথ্য নিশ্চিত করেন।

ওসি বলেন, রাত ৯টার দিকে মোটরসাইকেলযোগে তিন আরোহী রামপালের ফয়লা থেকে বেলাই ব্রিজের কাছে মাছের ঘেরে পাহারা দিতে যাচ্ছিলেন। পথে খুলনা-মোংলা মহাসড়কে মোংলা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি পন্যবাহী ট্রাক তেঁতুলিয়া ব্রিজের কাছে পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন আরোহী ঘটনাস্থলে নিহত হন।

ভিডিও দেখুন:

পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে। ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। তবে আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।