নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৫ সদস্য আটক

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দাওয়াতি শাখার ৫ সদস্যকে আটক করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে উগ্রবাদী বিভিন্ন বই ও সাংগঠনিক কার্যক্রম সংক্রান্ত বিভিন্ন নোট।

র‌্যাব-৬ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে আজ বৃহস্পতিবার এসব তথ্য জানান বাহিনীটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

আটককৃতরা হলো- আনসার আল ইসলামের দাওয়াতি শাখার দায়িত্বপ্রাপ্ত তরিকুল ইসলাম, আকাশ ওরফে আব্দুল্লাহ তাজিমুদ্দিন ওরফে জসীম উদ্দীন, ইসমাইল হাসান অনিক ও মো. রিপন।

আল মঈন বলেন, বুধবার রাতে বাগেরহাট, গোপালগঞ্জ ও মাদারীপুরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা- ডিজিএফআইয়ের তথ্যে এই অভিযান চালানো হয় জানিয়ে মঈন বলেন, আটক পাঁচজন আফগানিস্তানে ও তালেবানের উত্থানে উদ্বুদ্ধ হয়ে আল কায়েদা মতাদর্শের জঙ্গি সংগঠনের আদর্শে উদ্বুদ্ধ হয়ে কার্যক্রম পরিচালনা করে আসছিল। তারই ধারাবাহিকতায় আটককৃতরা দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছিল।