শেরপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা আওয়ামী লীগ। দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল সোমবার রাতে শেরপুর নিউ মার্কেটের দলীয় কার্যালয়ে মতবিনিময় সভা করা হয়।
সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু বলেন, ‘১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পরে যারাই ক্ষমতায় এসেছে, তারা বন্দুকের নলের আগায় ক্ষমতায় এসেছে। ১৯৯১ সালের পর জননেত্রী শেখ হাসিনা এদেশে গনতন্ত্র প্রতিষ্ঠা করেছেন।’
ভিসা নীতি প্রসঙ্গে ছানোয়ার বলেন, ‘ভিসা নীতির ভয় দেখানো হচ্ছে। এ নীতি দেখিয়ে লাভ নাই। ভীসা নীতিতে আমরা ভয় পাই না। বরং আওয়ামী লীগের নেতা-কর্মীরা এখন আরো ঐক্যবদ্ধ।’
জেলা আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘শেরপুর জেলা আওয়ামী লীগ আগের চেয়ে এখন আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ। নৌকার স্বার্থে আমরা সবাই এক। আমাদের মধ্যে কোনো বিরোধ নেই।’
সভায় আরও উপস্থিত ছিলেন- জেলা যুবলীগ সভাপতি হাবিবুর রহমান, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদের, উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বায়োযিদ হাসানসহ আরও অনেকে।