শেরপুরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার শহরের একটি বাসার এ ঘটনায় অভিযুক্তকে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী।
অভিযুক্ত এনামুল মিয়া (৪০) শেরপুর পৌরসভার সজবরখিলা মহল্লার বাসিন্দা। তার শাস্তির দাবিতে শহরে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এনামুলের বাড়িতেই ভাড়া থাকেন ওই গৃহবধূ ও তার স্বামী।
জানা যায়, অভিযুক্ত এনামুল গৃহবধূকে বিভিন্ন সময় মেসেঞ্জারে নানা প্রস্তাব দিয়ে আসছিলেন। এ ঘটনায় ওই পরিবারের সদস্য ও স্থানীয়দের নিয়ে সালিশ হয়। এতে এনামুল রাগান্বিত হন। আর এ ক্ষোভে শনিবার দুপুরে ধর্ষণের ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হওয়ায় রাতে গৃহবধূর পরিবার ও ক্ষুব্ধ এলাকাবাসী এনামুলকে ধরে পুলিশে দেয়।
এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, এনামুলকে আমরা জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিচ্ছে। অভিযোগ পাওয়ার সাথে সাথেই পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার বলেন, জনগণ ক্ষুব্ধ ছিল। ধর্ষণের অভিযুক্তকে আমরা দ্রুত উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।



