নেত্রকোণার দুর্গাপুরে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। আজ রোববার সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের নাম নুরুল আলম( ৫৫)। তিনি উপজেলার চন্ডীগড় ইউনিয়নের মউ গ্রামের আব্দুল গফুরের ছেলে ছিলেন। আর অভিযুক্ত ভাই হচ্ছেন মজিবুর রহমান (৫০)।
দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্রদেব স্থানীয়দের বরাতে জানান, জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বেশ কিছু দিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে সকালে বাড়িতে দুই ভাইয়ের মধ্যে তর্ক বাঁধে। এক পর্যায়ে ছোট ভাই মজিবুরের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে মারা যান বড় ভাই নুরুল আলম। ঘটনার পরপরই মজিবুর পালিয়ে যান।
ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। অভিযুক্তকে ধরতে পুলিশ অভিযানে নেমেছে। থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।