দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণার বারহাট্টায় প্রার্থীর পক্ষে ভোটের প্রচারণা করায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে শিক্ষা বিভাগ। অভিযুক্ত শিক্ষক হচ্ছেন এস এম সাজ্জাদুল হক সবুজ। তিনি বারহাট্টা উপজেলার আশিয়ল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে কর্মরত।
সোমবার বারহাট্টা উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গত ৬ ডিসেম্বর নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনে ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. ইলিয়াসের বাড়ি বারহাট্টা উপজেলার নুরুল্লার চর গ্রামে এক নির্বাচনী সভা হয়। এতে এলাকার লোকজনসহ তার কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। ওই সভায় প্রার্থী ইলিয়াসের পক্ষে কাজ করার জন্য সবাইকে আহ্বান জানান শিক্ষক সাজ্জাদুল হক সবুজ।
ওই নির্বাচনী সভায় উপস্থিত এলাকাবাসীর উদ্দেশে তাঁকে বলতে শোনা যায়, ‘ইলিয়াস (ইসলামী ঐক্যজোটের প্রার্থী) খুব ভালো ছেলে। তাকে ধরে রাখতে হবে। ইলিয়াসের জন্য সবাই কাজ করবেন।’
সভায় দেওয়া ওই বক্তব্যর ভিডিও জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহেদ পারভেজের নজরে আসে। পরে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন তিনি। এ ঘটনায় প্রাথমিক শিক্ষা বিভাগের উপপরিচালক, জেলা শিক্ষা শিক্ষা কর্মকর্তা ও বারহাট্টা উপজেলা শিক্ষা কর্মকর্তা আলাদা ভাবে তিনটি শোকজ করা হয় ওই শিক্ষককে।
এছাড়াও ঘটনার প্রেক্ষিতে বিভাগীয় তদন্ত করা হয়। পরে তদন্তের রিপোর্ট পাওয়ার পর অভিযুক্ত শিক্ষক সাজ্জাদুল হকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করেন বিভাগীয় উপ-পরিচালক মামলাটি করেন।
শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম আরো বলেন, 'সাজ্জাদুল হক অসুস্থতার কারণ দেখিয়ে এক মাসের ছুটিতে চলে গেছেন।'
অভিযুক্ত শিক্ষকের দাবি- ওই সভায় থাকা এক হুজুরের কাছ থেকে তিনি বাচ্চাদের জন্য তাবিজ আনতে গিয়েছিলেন। কোন নির্বাচনী বক্তব্য দেননি।