সাংবাদিকের সাজা

যাচাই-বাছাই করে প্রকৃত তথ্য কমিশনে জমা দেব: তথ্য কমিশনার

দেশ রূপান্তরের শেরপুরের নকলা উপজেলা সংবাদদাতা শফিউজ্জামান রানাকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ার ঘটনার তদন্ত কাজ শেষে তথ্য কমিশনার শহিদুল আলম ঝিনুক বলেছেন, ‘আমি ঢাকায় গিয়ে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে প্রকৃত তথ্য কমিশনে জমা দেব।’ 

তিনি আজ দুপুরে তদন্ত কাজ শেষ করেন। তিনি জানিয়েছেন তদন্ত রিপোর্ট দ্রুতই কমিশনে জমা দেওয়া হবে। আজ বিকেলে তিনি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে, সাংবাদিক রানাকে সাজা দেয়ার ঘটনাটি মানবাধিকার লঙ্ঘন বলে দাবি করেছেন মানবাধিকার কর্মীরা। মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ শেরপুর জেলার চেয়ারম্যান নূর ই আলম চঞ্চল বলেন, ‘তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে না পেয়ে যদি উল্টো জেলে যেতে হয় একজন সাংবাদিককে এটা খুবই দুঃখ জনক।’
 
রানার পরিবারের পক্ষ থেকে সই মুহুরি নকলের জন্য আবেদন করে নকল না পাওয়ায় আজও আপিল করতে পারেননি তারা। এতে জামিনের বিষয়টিও ঝুলে আছে। এ বিষয়টি রানার কর্মস্থল দেশ রুপান্তরের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। 

দেশ রুপান্তরের শেরপুর জেলা প্রতিনিধি সফিউল আলম সম্রাট বলেন, ‘সাংবাদিক রানাকে অন্যায়ভাবে সাজা দেয়া হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।’

এ ঘটনায় জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মুরাদুজ্জামান ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি দ্রুত সাজা দেয়ার সইমহুরি নকল সরবরাহ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করেন।