ময়মনসিংহে বালু দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারী নিহত

ময়মনসিংহের বোররচর মৃধাপাড়ায় শুক্রবার সরকারি ড্রেজারে উত্তোলিত বালু দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জনকে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহতদের মধ্যে জহুর উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। নিহত জয়নবের (৬০) ছেলে ইসমাইল ও মিলন হাসপাতালে চিকিৎসাধীন। 

ময়মনসিংহ কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ‘আজ বেলা ১১টার ময়মনসিংহ সদরের বোররচর ইউনিয়নের মৃধাপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষে কয়েক দফা সংঘর্ষ হয়। হামলার এক পর্যায়ে জয়নব বেগম ঘটনাস্থলেই নিহত হন। তিনি একই গ্রামের আবু বক্কর সিদ্দিকের স্ত্রী। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।’ 
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘ঘটনা খতিয়ে দেখা হচ্ছে এবং মামলা দায়ের প্রক্রিয়াধীন। হামলা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ চেষ্টা করছে।’