ময়মনসিংহের ত্রিশালে এক নারী ও তাঁর দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়া গ্রামের একটি ঝোপের মধ্যে মাটি খুঁড়ে তাদের মরদেহ পাওয়া যায়।
উদ্ধার হওয়া মৃতদেহগুলোর পরিচয় শনাক্ত হয়েছে। তারা হলো সাখুয়া ইউনিয়নের বাবুপুর গ্রামের আবদুল খালেকের মেয়ে আমেনা বেগম (৩০) ও তাঁর দুই সন্তান আবু বক্কর (৪) ও আনাস (২)।
স্থানীয়রা জানান, গত ছয় বছর আগে ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়া গ্রামের আলী হোসেনের সঙ্গে বিয়ে হয় আমেনার। তাঁরা সম্পর্কে ফুফাতো ভাইবোন।
পুলিশের ধারণা, দুই সন্তানসহ স্ত্রীকে হত্যার পর আলী হোসেন নির্জন স্থানে পুঁতে রেখে যান আলী।
ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবির বলেন, ‘দুপুরে একটি শিয়াল গর্ত খুঁড়ে এক শিশুর মরদেহ নিয়ে টানাহেঁচড়া করছিল। এ সময় ঘটনাটি দেখে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে আরও এক নারী এ এক শিশুর মরদেহ উদ্ধার করে।’
তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে, বেশ কয়েকদিন আগে ওই নারী ও শিশুদের পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ মাটিতে পুঁতে রেখে পালিয়েছে খুনি। নিহত নারীর বয়স আনুমানিক (৩৫) এবং দুই শিশুর মাঝে একজনের বয়স ৩ বছর ও অপরজনের বয়স ৬ বছর হতে পারে।’
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, লাশগুলো উদ্ধার করে থানায় আনা হচ্ছে। আগামীকাল বুধবার লাশ ময়মনসিংহ মেডিকেল মর্গে পাঠানো হবে। ঘটনা শনাক্তে পুলিশের একাধিক টিম কাজ করছে।