নেত্রকোণার মদন উপজেলার ধর্ষণ মামলার পলাতক আসামি শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ময়মনসিংহ র্যাব–১৪ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই।
এরআগে বৃহস্পতিবার রাত ৯টার দিকে নরসিংদীর সদর উপজেলার খিক্ষা চত্ত্বর এলাকা থেকে র্যাব–১১ ও র্যাব–১৪ যৌথভাবে অভিযান চালিয়ে শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার শফিকুল ইসলাম মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের দৌলতপুর গ্রামের সনজু মিয়ার ছেলে।
র্যাবের মিডিয়া অফিসার মো. আব্দুল হাই বলেন, ‘গত ১০ সেপ্টেম্বর রাতে মদন উপজেলার ওই গৃহবধূ রাতের খাবারের পর রান্নাঘর পরিস্কার শেষে ময়লা ফেলার জন্য ঘরের বাইরে যান। এ সময় আগে থেকে উৎ পেতে থাকা শফিকুল তাঁর মুখ গামচা দিয়ে বেঁধে ফেলেন। হাতে থাকা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে ২০ সেপ্টেম্বর শফিকুলের বিরুদ্ধে আদালতে ধর্ষণ মামলা করেন। পরে আদালতের নির্দেশে মামলাটি নথিভুক্ত করে পুলিশ।’
এদিকে ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে যান শফিকুল। তবে র্যাব পলাতক আসামি ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ায় ও তথ্য উপাত্ত সংগ্রহ করে। এক পর্যায়ে বৃহস্পতিবার রাতে নরসিংদী সদরের খিক্ষা চত্বর এলাকায় তাঁর অবস্থান শনাক্ত করা হয়। পরে নরসিংদী র্যাব ১১ ও ময়মনসিংহ র্যাব ১৪ এর কিশোরগঞ্জ সিপিসি-২ যৌথ অভিযানে শফিকুলকে গ্রেপ্তার করে। এরপর শফিকুলকে পরে মদন থানায় হস্তান্তর করা হয়।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাইম মোহাম্মদ নাঈদ হাসান বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে বিকেলে শফিকুলকে আদালতে পাঠানো হয়েছে।’