নেত্রকোণায় অপহরণের ১৩ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১ 

নেত্রকোণার কেন্দুয়ায় একটি ফোনকলের সূত্র ধরে অপহরণের ১৩ দিনের মাথায় কিশোরীকে ফিরে পেয়েছে পরিবার। আজ বৃহস্পতিবার দুপুরে গুরুতর অসুস্থ অবস্থায় ওই কিশোরী বাড়িতে আসে। প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য নেত্রকোণা সদর হাসপাতালে ভর্তি করা হয়।  

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গত ৭ মার্চ কেন্দুয়া সদর থেকে রোয়াইলবাড়ি-আমতলা ইউনিয়নে গ্রামের বাড়ি যাওয়ার পথে অপহরণের শিকার হয় ওই ১১ বছর বয়সী এক কিশোরী। পরিবারের সদস্যরা সম্ভব্য জায়গাগুলোতে খোঁজাখুঁজি করতে থাকেন। গত ১৮ মার্চ ওই কিশোরীর বড় বোনের মোবাইল ফোনে একটি কল আসে। অপরপ্রান্ত থেকে কিশোরীটির ওপর নির্যাতন হচ্ছে এমন তথ্য জানানো হয়। পরে ওই কিশোরীর বাবা বিষয়টি পুলিশকে জানান এবং থানায় অপহরণের মামলা দায়ের করেন। 

পুলিশ ওই ফোনকলের সূত্র ধরে গতকাল বুধবার উপজেলার গন্ডা ইউনিয়নের মরিচপুর গ্রামের বাসিন্দা মুসলিম উদ্দিনকে গ্রেপ্তার করে। এর পর আজ বৃহস্পতিবার দুপুরে ছেড়ে দিলে গুরুতর অসুস্থ অবস্থায় একা বাড়িতে আসে কিশোরীটি। ফেরার পরপরই চিকিৎসার জন্য দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে পুলিশ পাহারায় নেত্রকোণা সদর হাসপাতালে পাঠানো হয়। 

ওসি মিজানুর রহমান আরও জানান, মেয়েটি খুবই অসুস্থ। এ অবস্থায় তাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। ডাক্তারি রিপোর্টে ধর্ষণের আলামত পাওয়া গেলে মামলায় বিষয়টি যুক্ত করা হবে বলে জানান তিনি।