নেত্রকোণায় রাস্তার পাশে মিলল অটোরিকশা চালকের রক্তাক্ত মরদেহ 

নেত্রকোণার কেন্দুয়ায় রাস্তার পাশ থেকে নুরুজ্জামান ওরফে জামাল (৪০) নামের এক সিএনজিচালিত অটোরিকশার চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ৯টার দিকে উপজেলার আদমপুত্র-দুল্লিবৈরাটি সড়কের ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নুরুজ্জামান ওরফে জামাল কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের পাঁচহার গ্রামের মগল চাঁনের ছেলে। ঘটনাস্থল থেকে রক্তমাখা অটোরিকশাটি জব্দ করেছে পুলিশ।

স্থানীয়দের বরাতে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, স্থানীয় মৎস্য শিকারিরা রাস্তার ওপর রক্তমাখা সিএনজিচালিত রিকশাটি পড়ে থাকতে দেখেন। এ সময় রাস্তা জুড়ে রক্ত পড়ে থাকতে দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে অনুসন্ধান চালিয়ে রাস্তার পাশে বিলের পানিতে নুরুজ্জামানের মরদেহের সন্ধান পায়।

ওসি মিজানুর রহমান বলেন, আলামত সংগ্রহ ও সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।