নেত্রকোণার কেন্দুয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ তিন অভিযোগে বিএনপির চারজন সদস্যকে দল থেকে অব্যহতি দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঞা ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঞা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
অব্যহতি পাওয়া সদস্যরা হলেন–মোজাফরপুর ইউনিয়ন বিএনপির সদস্য রফিকুল ইসলাম, দলপা ইউনিয়ন বিএনপির সদস্য সামছুল হুদা বাচ্চু, পাইকুড়া ইউনিয়ন বিএনপির সদস্য মুখলেছুর রহমান বাবলু ও পাইকুড়া ইউনিয়ন বিএনপির সদস্য মহি উদ্দিন খান।
শনিবার উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুঞা চারজনকে অব্যহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংঘাত সৃষ্টি ও সংগঠন বিরোধী কাজে জড়িত থাকার ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ হতে তাদেরকে অব্যহতি প্রদান করা হয়।
অব্যহতি পাওয়া নেতাদের এ বিষয়ে প্রতিক্রিয়া পাওয়া যায়নি।