নেত্রকোণার কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার ছোড়া ঢিলের আঘাতে চাচা নিহতের অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাতী দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা হয়।
নিহত আবু সাদেক ভুইয়া (৬৫) পিজাহাতী গ্রামের কাজিম উদ্দীন ভুইয়ার ছেলে।
স্থানীয়দের বরাতে কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম মোস্তুফা জানান, সাদেক ভূইয়া ও তার ভাই ফিরোজ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরে গতকাল বিকেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ফিরোজ মিয়া, তার ছেলে জোনাইদ ও তাদের লোকজন সাদেক ভূইয়ার ওপর চড়াও হয়। এসময় ভাতিজা জোনাইদের ছোড়া ঢিলে বুকে গুরুতর আহত হন সাদেক ভূইয়া।
পরে স্বজনেরা দ্রুত উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সহকারী পুলিশ সুপার আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্যে লাশ নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। হত্যায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।