মমেক হাসপাতালে হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৬

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় হামে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ২৬ শিশু ভর্তি হয়েছে।

আজ রোববার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

এই চিকিৎসক বলেন, মারা যাওয়া দুই শিশুর মধ্যে একজনের বয়স ১০ মাস, তার বাড়ি জেলার ফুলপুর উপজেলায়। গত ২২ মার্চ তাকে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। মৃত আরেক শিশুর বয়স ৯ মাস। তার বাড়ি জেলার গৌরিপুর উপজেলায়। তাকে গতকাল শনিবার হাসপাতালে ভর্তি করা হয়। শিশু দুটি হামের পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।

এদিকে বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম শনাক্ত হয়ে চিকিৎসাধীন আছে ৭৩ শিশু। গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালে হাম আক্রান্ত হয়ে ৩৯৭ শিশু চিকিৎসা নিয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১২ শিশু। এর মাধ্যে ১২ শিশুর মৃত্যু হয়েছে।

চিকিৎসকেরা জানান, হাম অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ হওয়ায় এটি হাঁচি-কাশি বা সরাসরি সংস্পর্শের মাধ্যমে দ্রুত বাতাসে ছড়িয়ে পড়ছে। অনেক শিশু হামের পাশাপাশি নিউমোনিয়া, ডায়রিয়া নিয়ে হাসপাতালে আসছে।