স্বামী–সতিনকে জুতাপেটা করা সেই নারীর কারাদণ্ড

শেরপুরে আদালত চত্বরে এক বিচার প্রার্থী নারী তার স্বামী ও সতিনকে জুতাপেটা করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় জড়িত নারীকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার শেরপুর জুডিশিয়াল আদালতের সামনে।

সংক্ষিপ্ত বিচারিক আদালতে ওই সাজার আদেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান ভুঁইয়া।

সাজাপ্রাপ্ত ওই নারী হচ্ছেন নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার নোয়াগাঁও এলাকার আরজ আলীর কন্যা আখলিমা আক্তার (৩০)।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় আখলিমার বড়বোন নাসিমা খাতুনকে খালাস দেওয়া হয়েছে।

বিচারিক আদালতের বেঞ্চ সহকারী মো. সামিউল হক গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, নকলা আমলী আদালতে আখলিমা খাতুনের দায়ের করা যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় একটি মামলায় স্বামী উজ্জ্বল মিয়া সোমবার দুপুর আড়াইটার দিকে হাজিরা দিয়ে বের হন। এরপর শ্রীবরদী আমলী আদালতের কাছে থাকা উজ্জ্বল মিয়া ও তার দ্বিতীয় স্ত্রী স্বপ্না খাতুনকে প্রথম স্ত্রী আখলিমা আক্তার ও তার লোকজন তাদের মারপিট ও জুতাপেটা করে। এ নিয়ে আদালত অঙ্গনে ব্যাপক শোরগোল শুরু হলে আদালতের দায়িত্বে থাকা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই ৩ জনসহ ৪ জনকে আটক করে।

পরে সংক্ষিপ্ত বিচারিক আদালতে স্বপ্না খাতুনের দায়ের করা মামলায় তাৎক্ষণিক কর্তব্যরত পুলিশসহ ৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে দণ্ডবিধির ৩২৩ ধারায় দোষী সাব্যস্ত করে আখলিমা খাতুনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।