ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া উপসর্গ নিয়ে ৩২ শিশু ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৩৬শিশু। গত ২৪ ঘণ্টার হিসাবে এ তথ্য দিয়েছে কর্তৃপক্ষ। এনিয়ে গত দেড় মাসে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২০ শিশুর মৃত্যু হয়েছে এ হাসপাতালে।
মঙ্গলবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মারা যাওয়া ৩ শিশুর মধ্যে একজনের বয়স ৭ মাস, তার বাড়ি জেলার গোরিপুর উপজেলায়। গত ২২ এপ্রিল তাকে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। দ্বিতীয় শিশুটির বয়স ৪ মাস। বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায়। তাকে গত ২৩ এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয়। অপর শিশুটির বয়স ৫ মাস। বাড়ি নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলায়। তাকে গতকাল ২০ এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয়। শিশু তিনটি হামের পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।
এদিকে বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম শনাক্ত হয়ে চিকিৎসাধীন আছে ৭৪ শিশু। গত ১৭ মার্চ থেকে হাসপাতালে হাম রোগ নিয়ে এ পর্যন্ত ৯২৫ শিশু চিকিৎসা নিয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৩১ শিশু। এর মাঝে মৃত্যু হয়েছে ২০ শিশুর।
চিকিৎসকরা জানান, হাম অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ হওয়ায় এটি হাঁচি-কাশি বা সরাসরি সংস্পর্শের মাধ্যমে দ্রুত বাতাসে ছড়িয়ে পড়ছে। অনেক শিশু হামের পাশাপাশি নিউমোনিয়া, ডায়রিয়া নিয়ে হাসপাতালে আসছে।