জামালপুরে গলায় মাংস আটকে কিশোরের মৃত্যু

জামালপুরের ইসলামপুরে ঈদুল আজহার আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে। পরিবারের সঙ্গে কোরবানির মাংস খাওয়ার সময় গলায় মাংস আটকে মো. ইয়াসিন (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার পোড়ারচর ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইয়াসিন ওই এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় বটচর নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের।

ইয়াসিনের স্বজনেরা জানান, ঈদুল আজহা উপলক্ষে দুপুরে কোরবানি দেওয়ার পর পরিবারের সদস্যদের সঙ্গে একসাথে খাবার খাচ্ছিল ইয়াসিন। খাওয়ার একপর্যায়ে হঠাৎ তার গলায় গরুর মাংস আটকে যায়। এতে সে শ্বাসকষ্টে ছটফট করতে শুরু করে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের বলেন, হাসপাতালে আনার আগেই কিশোরটির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় মাংস আটকে শ্বাসরোধের কারণেই তার মৃত্যু হয়েছে।