গফরগাঁওয়ে বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে বিকল্প পথে চলছে ট্রেন

ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের আগে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়েছে। ট্রেনটির ইঞ্জিনের পরের চারটি বগি লাইনচ্যুত হয়। শুক্রবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনার পর ঢাকা–ময়মনসিংহ রুটে বিকল্প পথে ট্রেন চলাচল করছে 

জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেনটি ময়মনসিংহ হয়ে গফরগাঁও স্টেশনে ঢোকার আগ মুহূর্তে হঠাৎ বিকট শব্দের পর ইঞ্জিনের পেছনের চারটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। এতে দুর্ভোগে পড়েছেন লাইনচ্যুত হওয়া ট্রেনের যাত্রীরা। তবে বিকল্প পথে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। 

ময়মনসিংহ রেল স্টেশনের সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন বলেন, জামালপুর কমিউটার ট্রেনটি গফুরগাঁও স্টেশনের কাছে ইঞ্জিনসহ লাইনচ্যুত হয়েছে। রিলিফ ট্রেন এসে দ্রুত উদ্ধার কাজ শেষ করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তবে এখন বিকল্প পথে অর্থাৎ গৌরিপুর–কিশোরগঞ্জ–ভৈরব হয়ে ট্রেন যোগাযোগ চালু রয়েছে। শুধু তিস্তা ও মহুয়া এক্সপ্রেস ট্রেন দুটি আটকা রয়েছে।    

প্রায়ই ময়মনসিংহে ট্রেন দুর্ঘটনায় ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। তবে কর্তৃপক্ষ বলছেন, লাইন উন্নত করার চেষ্টা চলছে। এটি হলে দুর্ঘটনা কমে যাবে। 

রেলওয়ে ময়মনসিংহের সিনিয়র সহকারী প্রকৌশলী নাজমুল ইসলাম বলেন, ট্রেন লাইন উন্নত করার জন্য ইতোমধ্যে সরকার উদ্যোগ নিয়েছে। নতুন প্রজেক্ট আসছে। পুরাতন লাইন বদলে নতুন লাইন স্থাপন এবং স্টিলের স্লিপারের জায়গায় কংক্রিটের স্লিপার বসবে। এতে আশা করি, লাইনের গতি ও নিরাপত্তা দুটোই বাড়বে। 

ময়মনসিংহ হতে বিভিন্ন রুটে ১২ জোড়া ট্রেনে প্রায় প্রতিদিন আট হাজার যাত্রী চলাচল করে। প্রায়ই এমন দুর্ঘটনায় ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।