ময়মনসিংহে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার সাতজন যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে নগরীর আকুয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম সাতজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পাশাপাশি উদ্ধারকারী দলও কাজ করছে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় মুক্তাগাছাগামী সিএনজি অটোরিকশাটির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই অন্তত ছয়জনের মৃত্যু হয়। পরে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়ায়।
দুর্ঘটনায় সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে তিনজন নারী, তিনজন পুরুষ ও একজন শিশু রয়েছে।
দুর্ঘটনার পর ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কী কারণে দুই যানবাহনের মধ্যে এই সংঘর্ষ হয়েছে, সে বিষয়েও বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।