ময়মনসিংহে স্কুলের অফিসকক্ষে শিক্ষক দম্পতির মারামারি, ভিডিও ভাইরাল

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার একটি স্কুলের অফিসকক্ষে এক শিক্ষক দম্পতির মারামারির ঘটনায় ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। উপজেলার ৮ নম্বর রাঙ্গামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে এই ঘটনা ঘটে। 

ওই শিক্ষক দম্পতি হলেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন এবং সহকারী শিক্ষিকা আসমা বেগম। তাঁরা সম্পর্কে স্বামী-স্ত্রী। পারিবারিক বিরোধের জেরে প্রায় ১০ থেকে ১২ দিন আগে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

প্রধান শিক্ষক আফজাল হোসেন জানান, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে। ঘটনার দিনও বিরোধের জেরে মারামারি হয়। 

তিনি আরও জানান, তাঁদের বিয়ে হয় ২০০৪ সালে। প্রায় ১৪ বছর ধরে তাঁরা আলাদা থাকছেন। তবে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়নি। বিদ্যালয়ে এ ধরনের ঘটনা ঘটানো ঠিক হয়নি বলেও তিনি স্বীকার করেন।

এ বিষয়ে সহকারী শিক্ষিকা আসমা বেগমের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

ফুলবাড়িয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ঘটনাটি ১০ থেকে ১২ দিন আগের। ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নজরে এসেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বুধবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হবে। বিদ্যালয়ে শিক্ষকদের এমন আচরণ কাম্য নয়।