নেত্রকোণায় সাংবাদিক আলিফ ফকির হত্যায় যুবক গ্রেপ্তার

নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকির হত্যায় সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার অপূর্ব (২২) দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকার শমশের আলীর ছেলে। তিনি দুর্গাপুরে উকিলপাড়ার পানমহালের গলিতে এসআই শফিকুল ইসলামকে কুপিয়ে হত্যা করার মামলারও আসামি ।

শনিবার রাত সোয়া ১২টার দিকে দুর্গাপুর পৌর শহরের  পুরাতন সিনেমা হলের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, অপূর্ব পুলিশ হত্যায় আসামি হওয়ায় আত্মগোপনে থেকে সতর্কতার সাথে  চলাফেরা করে আসছিল। তথ্য প্রযুক্তির সহযোগিতাসহ  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে  রাতে অভিযান চালিয়ে  পুলিশরে একটি দল তাকে গ্রেপ্তার করে। অপূর্বকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ হত্যা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি।

এর আগে গত ১৫ অক্টোবর রাত সাড়ে ৭টার  দিকে দুর্গাপুর উপজেলার বিরিশিরি উৎরাইল এলাকার তেলুনজিয়া গ্রামে শ্বশুরবাড়ির কাছের একটি দোকানের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ। নিহত আলিফের শরীরে ৬টি গুলির ক্ষত পাওয়া যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ৮ জনকে আসামি করে দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), সিআইডি ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-র সমন্বিত টিম এ হত্যায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান  চালিয়ে আসছে।