ময়মনসিংহের ভালুকায় মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের দুই সদস্য। তাঁদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার রাজৈ ইউনিয়নের সজনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আব্দুল কদ্দুসকে গ্রেপ্তার করতে তাঁর গ্রামের বাড়ি সজনগাঁও গ্রামে অভিযান চালায় ভালুকা মডেল থানা-পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে কদ্দুসের লোকজন তাঁদের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রাহিদুল ইসলাম ও কনস্টেবল বাকিরুল আহত হন।
পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করেন। রাত ৯টার দিকে তাঁদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এএসআই রাহিদুল ইসলামের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের দুই সদস্য হামলার শিকার হয়েছেন। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে তাঁদের উদ্ধার করা হয়। আহত দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।