নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও তার ছয় বছর বয়সী ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় এক নারী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে নেত্রকোণা-কেন্দুয়া সড়কের দুর্গাপুর লাহিড়ী বাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মাহমুদুল হক শাহীন (৪০) ও তার ছেলে রাজিন (৬)। শাহীন কেন্দুয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন। তাদের বাড়ি কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের আমতলী গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপুর লাহিড়ী বাড়ি মোড়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাবা-ছেলেসহ এক নারী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক শাহীন ও তার ছেলেকে মৃত ঘোষণা করেন। আহত নারীও গুরুতর অবস্থায় রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।