আন্তর্জাতিক অনলাইন বেটিং সাইট ব্যবহার করে প্রতারণার অভিযোগে ময়মনসিংহে একটি চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের ৬ নম্বর ওয়ার্ডের সেনবাড়ি এলাকার একটি ভবনের ষষ্ঠ তলার পশ্চিম পাশের কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার উত্তর লক্ষ্মীন্দরের মনির হোসেন (২৩), বরিশালের মুলাদী উপজেলার চরকালেখানের মাসুদ আল মাহফুজ (২৫), ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার তানভীর আহমেদ (২৫), জিহুর রহমান জনি (২৭), টাঙ্গাইলের ঘাটাইলের মজনু (২৬), ময়মনসিংহের ফুলবাড়ীয়ার নাঈম মণ্ডল (২৪) এবং ফুলপুরের রাকিব (২০)।
বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অনলাইন বেটিং সাইট ব্যবহার করে প্রতারণামূলক কার্যক্রম পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন। অভিযানের সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। ডিভাইসগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
অনলাইন বেটিং সাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার পাশাপাশি অপরিচিত ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য আদান-প্রদান এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।