নাটোরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সৌদি প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মামলার আসামি সাজেদুল সরকারকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে সাজেদুল সরকারকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

সাজেদুল সরকার উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা গ্রামের মোহাম্মদ গুলজার হোসেনের ছেলে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, ভুক্তভোগী গৃহবধূ উপজেলার একটি গ্রামের নিজ বাড়িতে সন্তান নিয়ে বসবাস করেন। গতকাল সোমবার রাতে সাজেদুল সরকার কৌশলে ওই গৃহবধূর ঘরে প্রবেশ করেন। এরপর তাঁর মুখ চেপে ধরে বিভিন্ন হুমকি-ধামকি দিয়ে ধর্ষণ করে পালিয়ে যান।

ওসি আরও জানান, এ ঘটনায় মঙ্গলবার সকালে ভুক্তভোগী নিজে বাদী হয়ে সাজেদুল সরকারকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর সাজেদুলকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।