রাজশাহীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে চিকিৎসক নিহত

রাজশাহীতে সন্ত্রাসীদের হামলায় এক চিকিৎসক নিহত হয়েছেন। প্রাইভেট চেম্বার শেষে বাড়িতে ফেরার পথে গতকাল রোববার রাত পৌনে ১২টার দিকে শহরের বর্ণালীর মোড়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতের শিকার হন তিনি।

নিহত চিকিৎসকের নাম কাজেম আলী আহমেদ। তিনি চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ। নগরীর লক্ষীপুরে অবস্থিত ইসলামী ব্যাংক হাসপাতাল এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখতেন।

পুলিশ জানায়, প্রতিদিনের মতো গতকাল পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চেম্বার শেষে বাড়িতে ফেরার ঘটনাস্থলে তাঁর মোটরসাইকেলের গতি রোধ করে একদল দুর্বৃত্ত। এ সময় তাঁর বুকের ছুরিকাঘাত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। আহত অবস্থায় রাস্তা থেকে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান ওই চিকিৎসক।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার জামিরুল ইসলাম। তিনি জানান, চিকিৎসক হত্যাকাণ্ডের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে। অপরাধীদের শনাক্তে পুলিশ কাজ করছে।