নাটোরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে ফিরোজা বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার আজিমনগর স্টেশন সংলগ্ন গোপালপুর পৌর কেন্দ্রীয় গোরস্থানের সামনে থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে।

এর আগে সোমবার রাতের কোনো এক সময় এই দুর্ঘটনা ঘটে।

ফিরোজা বেগম উপজেলার গোপালপুর পৌরসভার ভুঁইয়াপাড়া গ্রামের মৃত ঝড়ু প্রামানিক মেয়ে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, পাশের এলাকায় যাওয়ার জন্য রাত সাড়ে ১০ টার দিকে বাড়ি থেকে বের হন হন ফিরোজা বেগম। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। বিভিন্ন স্থানে তাঁর খোঁজ করেও কোনো সন্ধ্যান পাওয়া যায়নি। সকালে স্থানীয়দের মাধ্যমে পরিবারের সদস্যরা গোপালপুর পৌর কেন্দ্রীয় গোরস্থানের সামনে রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকার খবর পান। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান তাঁনা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী রেলওয়ে পুলিশ (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুজ্জামান রোমেল জানান, এক বৃদ্ধার মৃত্যুর খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি মারা যান।