নাটোরের লালপুরে এক তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এখনও তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি। তবে পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
উপজেলার গোপালপুর পৌরসভার মধুবাড়ী তোফাকাটা মোড়ে মজিবর রহমানের আম বাগান থেকে আজ শুক্রবার সকালে মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, শুক্রবার সকালে এলাকাবাসী আম বাগানে এক তরুণীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন এবং আলামত সংগ্রহ করেন।
ওসি আরও জানান, নিহতের পরিচয় শনাক্ত করতে ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে নিহতের পরিচয় শনাক্ত করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। হত্যাকান্ডের রহস্য উদঘাটন করতে পুলিশের বিশেষ টিম কাজ শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।