নির্বাচনী কাজ শেষে ফেরার পথে ইউপি সদস্যকে কুপিয়ে আহত

পাবনার আটঘরিয়ায় রুহুল আমিন নামের এক ইউপি সদস্য ও যুবলীগ নেতাকে কুপিয়ে এবং পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল সোমবার বিকেলে উপজেলার দেবোত্তর ইউনিয়নের চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রুহুল আমিন দেবোত্তর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রুহুল আমিন গোরারী বাজার থেকে সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বাড়ি ফিরছিলেন। পথে পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে চাঁদপুর কবরস্থানের কাছে তাঁকে থামিয়ে বেদম মারপিট ও কুপিয়ে আহত করা হয়। এরপর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে আটঘরে হাসপাতালে ও অবস্থার অবনতি হলে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ইউপি সদস্য রুহুল আমিন বলেন, নির্বাচনী কাজ সেরে বাড়ি ফেরার পথে তাঁর ওপর চাঁদপুর গ্রামের 
আয়েদ আলী, নাজমুল, নবী, মতিয়ার, সবেদ মিস্তি, সাবেদ মিস্তি গংয়েরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়।

এ বিষয়ে আটঘরিয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল লতিফ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’