পাবনায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে ৩ জন নিহতের ঘটনায় মামলা

পাবনার ভাঙ্গুড়ায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত পরিচয়ের তিনজন নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার রাতে ভাঙ্গুড়া থানার উপ-পরিদর্শক(এসআই)সুলতান আহমেদ বাদী হয়ে মামলাটি করেন।

এ মামলায় উপজেলার পাঁচবেতুয়ান গ্রামের অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে। এখন পর্যন্ত নিহত ব্যক্তিদের কোনো পরিচয় পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) মো. হাবিবুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

মামলার বাদী থানার উপ-পরিদর্শক(এসআই)সুলতান আহমেদ জানান, নিহত ব্যক্তিদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে তবে এখন পর্যন্ত তাঁদের পরিচয় জানা যায়নি।পরিচয় পাওয়া না গেলে মরদেহ বেওয়ারিশ হিসেবে পাবনা আঞ্জুমান মফিদুলের মাধ্যমে দাফন করা হবে।

গত শুক্রবার  দিবাগত রাত দুইটার দিকে উপজেলার পাঁচবেতুয়ান বাওনজানপাড়া গ্রামে গরুচোর সন্দেহে তিনজনকে গণপিটুনি দেওয়া হয়।এতে ঘটনাস্থলে তিনজনই মারা যান। এসময় সন্দেহভাজন চোরদের ধরতে এলে তাঁদের ধারালো অস্ত্রের আঘাতে ওই গ্রামের চারজন আহত হন।