রাবিতে এক মাসে ১৩১ শিক্ষার্থীর জন্ডিস শনাক্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্রেমেই বাড়ছে জন্ডিসে আক্রান্ত শিক্ষার্থীর সংখ্যা। গত এক মাসেই ১৩১ জন শিক্ষার্থীর শরীরে জন্ডিস শনাক্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন সাধারণ শিক্ষার্থীরা। তারা বলছেন ক্যাম্পাসের বিষুদ্ধ পানির অভাবে আক্রান্ত হচ্ছেন পানি বাহিত এই রোগে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হলে বসবাস করে অন্তত ৬ হাজার শিক্ষার্থী। তাদের বিশুদ্ধ পানির জন্য রয়েছে ১১২টি টিউবয়েল। যদিও এর অধিকাংশই অকেজ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের তথ্য বলছে, গেল এক মাসে ৩১৮ জন শিক্ষার্থী চিকিৎসা নিতে আসলে তাদের পরীক্ষা করার পর ১৩১ জনের দেহে ধরা পরে হেপাটাইটিস-এ বা জন্ডিস। 

চিকিৎসকরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের দূষিত পানি এবং ক্যাম্পাসের ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাবার খেয়ে শিক্ষার্থীরা আক্রান্ত হচ্ছে জন্ডিসে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, বিশুদ্ধ পানির জন্য নেই পর্যাপ্ত টিউবওয়েল। সচলগুলো থেকেও বের হচ্ছে আয়রন ও দুর্গন্ধযুক্ত লালচে পানি। একাডেমিক ভবনের ফিল্টারও নষ্ট। ফলে, বাধ্য হয়েই অপরিষ্কার পানি পান করছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের উপ-প্রধান ডা. মো. লোমান মঞ্জুর, কয়েক সপ্তাহ ধরে শিক্ষার্থীদের মাঝে আক্রান্তদের সংখ্যা বাড়ছে। অস্বাস্থ্যকর পানি ও খাবারের কারণে জন্ডিস আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তবে  হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত শিক্ষার্থীর সংখ্যা বেশি।

তবে, রাবি উপাচার্য গোলাম সাব্বির সাত্তার বলছেন, এরই মধ্যে গঠন করা হয়েছে মেডিকেল টিম। শিক্ষার্থীদের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন। সে সাথে শিক্ষার্থীদের সচেতেনতা বৃদ্ধিতে কাজ করছে প্রশাসন।

বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩৮ হাজার শিক্ষার্থী ও ১৩শ শিক্ষকের জন্য চিকিৎসক রয়েছেন মাত্র ১৮ জন।