সিরাজগঞ্জে শিক্ষার্থীকে গুলি করল শিক্ষক

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের এক শিক্ষার্থীকে গুলি করার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ফরেনসিক মেডিসিন আইটেম বিভাগের মৌখিক পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই শিক্ষার্থী আহত হয়েছেন। আর ওই শিক্ষককে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

অভিযুক্ত ওই শিক্ষকের নাম ডা. রায়হান শরিফ। অপরদিকে আহত শিক্ষার্থী হলেন আরাফাত আমিন তমাল। তিনি অষ্টম ব্যাচের ২০২১-২২ শিক্ষাবর্ষের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শিক্ষক রায়হান বিভিন্ন সময়ে ছাত্রছাত্রীদের নানাভাবে বিরক্ত করতেন। এ বিষয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিলেও কলেজ কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। এমনকি রায়হান ক্লাস চলাকালীন ছাড়াও প্রায় সময়ই তিনি অস্ত্র নিয়ে চলাফেরা করতেন। সোমবার বিকেলে পরীক্ষা নেওয়ার সময় শিক্ষক রায়হান ছাত্র আরাফাতকে গুলি করেন। আরাফাতের আত্মচিৎকারে সবাই এগিয়ে এলে শিক্ষক রায়হানকে তালাবদ্ধ করে রাখা হয় ও শিক্ষার্থী আরাফাতকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। 

এ ঘটনার পরে শিক্ষক রায়হানের বিচারের দাবিতে আন্দোলন করে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। শিক্ষকরাও সংহতি প্রকাশ করে আন্দোলনরতদের সঙ্গে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযুক্ত শিক্ষক পুলিশের হেফাজতে আছেন তবে গ্রেপ্তার করা হয়নি।