শিক্ষকের অপমান সহ্য করতে না পেরে যাত্রাবাড়িতে দশম শ্রেণীর শিক্ষার্থী সাবিকুন নাহারের আত্মহত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় বিচারের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে স্কুলের সামনে বিক্ষোভ করছে ওই শিক্ষার্থীর সহপাঠীরা।
আজ সকাল থেকেই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা লিটনের প্রতি অভিযোগ জানিয়ে রাস্তা অবরোধ ও মানববন্ধন করেন। এসময় শিক্ষার্থী এবং অভিভাবকরা জানান, দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীদের প্রতি নির্যাতন চালিয়ে আসছিল প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল লিটন।
গতকাল দশম শ্রেণির শিক্ষার্থী সাবিকুন নাহারকে এবং তার অভিভাবককে অপমান করা হয় বলে অভিযোগ জানান তারা। তারা বলেন, পুরো স্কুলে কান ধরিয়ে ঘুরানো হয় সাবিকুন নাহারকে। ফলে অপমানে আত্বহত্যা করেন তিনি। তার বিরুদ্ধে আজ সকালে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করলে বাধা দেয় লিটন। তার বিরুদ্ধে শিক্ষার্থীদের অপমান করাসহ ইভটিজিংয়েরও অভিযোগ তোলেন শিক্ষার্থীরা।
যাত্রাবাড়ির দনিয়া ব্রাইট স্কুল এন্ড কলেজের স্কুল শাখার দশম শ্রেণির শিক্ষার্থী সাবিকুন নাহার ক্লাস পরীক্ষায় ফেল করায় শিক্ষক কর্তৃক লাঞ্ছিত হোন। এই অপমানকে কেন্দ্র করে গতকাল রাতে আত্মহত্যা করেন শিক্ষার্থী। এর প্রতিবাদে ব্রাইট স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা শনিরআখড়া ধোলাইপাড় রাস্তা বন্ধ করে বিচারের দাবিতে আন্দোলন করছে।



