অগ্নিঝুঁকিতে রয়েছে রাজশাহী নগরীর চারটি মার্কেটসহ অর্ধশতাধিক বাণিজ্যিক ভবন। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা এর জন্য একে অপরকে দায়ী করছেন। এ ক্ষেত্রে সিটি করপোরেশন বলছে, রাতারাতি অবস্থার পরিবর্তন সম্ভব নয়, এর জন্য অপেক্ষা করতে হবে।
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ স্থাপিত আরডিএ মার্কেট। সেখানে সরেজমিনে গিয়ে দেখা যায়, মার্কেট ঘিরে আছে জরাজীর্ণ বৈদ্যুতিক তার। মার্কেটে আগুন নেভানোর ব্যবস্থা নেই বললেই চলে। আগুন লাগলে মার্কেট থেকে জরুরিভাবে বের হওয়ার পথ সরু, নেই পানির উৎস।
আরডিএ মার্কেটের মতো ঝুঁকিতে আছে নগরীর নিউমার্কেট, হরগ্রাম বাজার ও সমবায় মার্কেটও। ফায়ার সার্ভিস বলছে, এসব মার্কেটের বাইরে চরম ঝুঁকি নিয়ে চলছে অর্ধশতাধিক বাণিজ্যিক ভবন।
রাজশাহী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ওহিদুল ইসলাম জানান, বাণিজ্যিক ভবনগুলোতে রয়েছে বিভিন্ন দাহ্যবস্তু। তবে এসব ভবনের নিজস্ব কোনো আগুন নেভানোর ব্যবস্থা নেই। ফলে ভবনগুলো চরম ঝুঁকিতে রয়েছে।
ব্যবসায়ী নেতারা বলছেন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষসহ অন্যান্য সংস্থাগুলোর সমন্বয়হীনতায় এমন ঝুঁকিপূর্ণ ভবনে বাধ্য হয়ে ব্যবসা করতে হচ্ছে। অন্যদিকে ব্যবসায়ীদের অসহযোগিতাকে দুষছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ।
এ বিষয়ে রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী জানান, তারা ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলেছেন। ব্যবসায়ীদের পক্ষে কোনো ভবন আগুন লাগার ঝুঁকি থেকে মুক্ত করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা সম্ভব নয়।
ভিডিও দেখুন:রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজড অফিসার আবুল কালাম আজাদ বলেন, ব্যবসায়ীরা রাজি থাকলে আরডিএ কর্তৃপক্ষ যে কোনো সময় মার্কেটের ব্যাপারে নতুন ইনিশিয়েটিভ নিতে পারে।
এ প্রসঙ্গে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন জানান, অগ্নিঝুঁকি মোকাবিলায় প্রাইভেট-পাবলিক পার্টনারশিপের মাধ্যমে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে, তবে এর জন্য অপেক্ষা করতে হবে।
এসব মার্কেট প্রতিষ্ঠার সময় অগ্নিঝুঁকি মোকাবিলার পরিকল্পনা না থাকার বিষয়টিকে কর্তৃপক্ষের অবহেলা বলে মনে করেন ব্যবসায়ীরা।