সিংড়া উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আ. লীগ নেতা রুবেলকে শোকজ

নাটোরের সিংড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অপহরণ ও মারপিটের অভিযোগে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুল হাবিব রুবেলকে শোকজ করেছে দল। শুক্রবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান ও সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশটি দেওয়া হয়।

অভিযুক্ত লুৎফুল হাবিব রুবেল শেরকোল ইউনিয়ন পরিষদের সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান। তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের আপন শ্যালক।

নোটিশে বলা হয়, গত ১৫ এপ্রিল নাটোর জেলা নির্বাচন কমিশন অফিসের সামনে থেকে উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেলোয়ার হোসেনকে অপহরণ ও মারপিট করে জখমের  ঘটনা বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হয়। পরে এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেফতারকৃত সুমন আহমেদ ১৬৪ ধারায় জবানবন্দীতে ঘটনার সঙ্গে আপনার সম্পৃক্ততা পাওয়া যায়, যা দলীয় আচরণবিধি পরিপন্থির শামিল। এ অবস্থায় কেন আপনার বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার জবাব আগামী ৩ দিনের মধ্যে নিম্ন স্বাক্ষরকারীদের কাছে লিখিতভাবে জানানোর জন্য নির্দেশ দেওয়া হলো।

নির্ধারিত সময়ে জবাব না দিলে লুৎফুল হাবিব রুবেলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান।

উল্লেখ্য, প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন গত ১৫ এপ্রিল বিকেলে সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্রের প্রতিলিপি জমা দিতে যান। এ সময় সেখানে থেকে দুর্বৃত্তরা তাঁকে মারধর করে একটি কালো মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে তাঁকে মাইক্রোবাসের ভেতরে মারধর করে বাড়ির সামনের একটি সড়কে ফেলে রেখে যায়। সেখান থেকে দেলোয়ার হোসেনের স্বজনরা উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনার জন্য ভুক্তভোগীর পরিবার প্রতিপক্ষ প্রার্থী লুৎফুল হাবীব রুবেল ও তাঁর সমর্থকদের দায়ী করে আসছেন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ মেলায় লুৎফুল হাবীব রুবেলকে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)।