এবার পাবনায় হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

তীব্র দাবদাহে দেশে হিট স্ট্রোকের সংখ্যা বাড়ছে। নরসিংদী, সিলেটের পর এবার পাবনায় চাটমোহর উপজেলায় ভূট্টার খেতে কাজ করতে গিয়ে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে আলাউদ্দিন আলী ওরফে আলাল (৪৩) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

আজ রোববার সকাল ৯টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়য়নের নেউতিগাছা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের ইউসুফ আলীর ছেলে।

আলাউদ্দিনের ছেলে আলম হোসেন জানান, বাড়ির অদূরে বিলের মধ্যে নিজের ভূট্টা খেতে কাজ করতে যান তাঁর বাবা। এ সময় তীব্র রোদ ও গরমে অসুস্থ হয়ে জমির মধ্যেই জ্ঞান হারান তিনি। পরে ওই জমির পাশেই ঘাস কাটার সময় মজিবর রহমান নামের এক ব্যক্তি তাঁকে পড়ে থাকতে দেখতে পান।

এরপর স্থানীয় লোকজনের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে প্রথমে পার্শ্ববর্তী আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনেরা। সেখানে অবস্থার অবনতি হলে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলাউদ্দিন আলীকে মৃত ঘোষণা করেন।

আলাউদ্দিন আলী হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে নিশ্চিত করেছেন পাবনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আয়েশা সিদ্দিকা। তিনি বলেন. ‘প্রচণ্ড গরমে প্রতিদিনই মানুষ হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। অনেক রোগী হাসপাতালে আসছে। চাটমোহরের আলাউদ্দিন হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে এসেছিলেন বলে আমাদের প্রাথমিক ধারণা।’

এর আগে শনিবার দুপুরে পাবনা শহরের রুপকথা রোডে একটি চায়ের দোকানে চা খাওয়ার সময় হিট স্ট্রোক করেন সুকুমার দাস (৬০) নামে এক ব্যক্তি। এসময় আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার আবাসিক চিকিৎসক জাহিদুল ইসলাম মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, চলমান তীব্র তাপদাহে গতকাল শনিবার থেকে সারা দেশে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর জানা গেল।