চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ধাইনগর-নাককাটিতলা এলাকায় এ ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃতরা হলো শিবগঞ্জ উপজেলার বামুনগাঁ এলাকার রাসেল আলীর ছেলে শাকিল আহমেদ (৯) ও পীরগাছি এলাকার আলমগীর হোসেনের মেয়ে মারিয়া খাতুন।
ওসি সাজ্জাদ হোসেন জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে শাকিল ও মারিয়া মহানন্দা নদীতে গোসল করতে নামে। এ সময় অসাবধানতাবশত তারা নদীর গভীরে চলে গেলে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা নদীতে উদ্ধার অভিযানে নামে। পরে বেলা সাড়ে ১১টার দিকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, পরিবারের পক্ষ থেকে তেমন অভিযোগ না থানায় দুই শিশুর মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।