নিখোঁজের একদিন পর দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা পুলিশ। গতকাল শনিবার সকাল থেকে তারা নিখোঁজ ছিলো। রোববার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের জালালপুর গ্রামে যমুনা নদীর পাড়ে থাকা ব্লকের ভিতর থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, নিহত ওই দুই শিশুর একজন হলো শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের রুবেল হোসেনের ছেলে আবু বক্কার (৪) এবং অপরজন তার খালাতো ভাই ইয়াসিন (৫)।
ওসি আব্দুর রাজ্জাক জানান, যমুনা নদীর ভাঙ্গন থেকে রক্ষায় বাঁধ নির্মাণের জন্য ব্লক তৈরীর কাজ করা হচ্ছিলো। দুপুরে যমুনা নদীর পাড়ে ব্লক নির্মাণ এলাকায় ছোট গর্তে পড়ে ছিলো ওই দুই শিশুর মরদেহ। পরে স্থানীয়রা পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে শিশু দুটির মরকদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেন । পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশু দুই জনের মৃত্যু হয়েছে।
শিশু আবু বক্কারের বাবা রুবেল হোসেন বলেন, ‘আমি আমার ছেলে ও আমার শ্যালিকার ছেলে তিনজন শাহজাদপুর উপজেলার জালালপুরে মামা শ্বশুরের বাড়িতেবেড়াতে আসি। গতকাল শনিবার সকালে আমার ছেলে ও আমার শালিকার ছেলে নদী পাড়ে বালির মধ্যে খেলা করছিলো। এর পর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না। অনেক খোঁজা খুঁজি করে তাদের সন্ধান পাওয়া যায়নি।পরে বিষয়টি পুলিশকে অবগত করি।’