পাবনার সুজানগর পৌর সদরে পেট্রোলবাহী লরির চাপায় দুইজন নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা প্রাণিসম্পদ অফিসের পাশে এই দুর্ঘটনা ঘটে।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, সুজানগর উপজেলার চরসুজানগর গ্রামের লবাই প্রামানিকের ছেলে কামরুল ইসলাম (৩৫) ও পৌর সদরের মসজিদপাড়া মহল্লার আবু বকরের ছেলে আব্দুল মান্নান (৩৮)।
ওসি জালাল উদ্দিন বলেন, ‘দুর্ঘটনার সময় তেলবাহী লরিটি প্রাণী সম্পদ অফিসের সামনে নিচু সড়ক থেকে উপরের দিকে উঠতেছিল। হঠাৎ করেই চালক ব্রেক ফেল করলে গাড়িটি পেছনের দিকে চলে যায়। ওই সময় সেখানে দাঁড়িয়ে থাকা দুইজন চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।’
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে ও গাড়িটি জব্দ করে। দুর্ঘটনার পর গাড়ি ফেলে চালক হেলপার পালিয়ে গেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।