রোগীকে যৌন হয়রানির অভিযোগে, চিকিৎসক ও ক্লিনিক মালিক আটক

পাবনায় রোগীকে যৌন হয়রানির অভিযোগে এক চিকিৎসক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিককে আটক করেছে সদর থানা–পুলিশ। শনিবার বিকেলে পাবনা সদর থানার পাশে অবস্থিত নিউ মেডিপ্যাথ ডায়াগনস্টিক সেন্টার থেকে তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—নিউ মেডিপ্যাথ ডায়াগনস্টিক সেন্টারের মালিক পাবনা শহরের শালগাড়িয়া ইংলিশ রোডের মৃত ফরমান আলীর ছেলে জীবন আলী এবং অভিযুক্ত চিকিৎসক শহরের শালগাড়িয়ার মৃত সুবোদ কুমার সরকারের ছেলে সোভন সরকার।

অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ভুক্তভোগী নারী তাঁর স্বামীর সঙ্গে নিউমেডিপ্যাথ ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাম করার জন্য যান। ভুক্তভোগীকে আল্ট্রাসনোগ্রাম করার জন্য নির্ধারিত কক্ষে নিয়ে যান চিকিৎসকের নারী সহকারী। এ সময় কৌশলে নারী সহকারীকে বাইরে পাঠিয়ে ভুক্তভোগীর শরীরে স্পর্শ করে উত্তেজনামূলক কথাবার্তা বলেন চিকিৎসক। সঙ্গে সঙ্গে রোগী আল্ট্রাসনোগ্রামের কক্ষ থেকে বের হয়ে তাঁর স্বামীকে বিষয়টি জানালে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির তৈরি হয়। এ সময় রোগী ও তাঁর স্বামীকে বিষয়টি নিয়ে আর বাড়াবাড়ি না করার জন্য হুমকি-ধামকিও দেওয়া হয় ডায়াগনস্টিক সেন্টার থেকে। পরে ভুক্তভোগীরা থানা–পুলিশের আশ্রয় নেন।

বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, অভিযোগের ভিত্তিতে দুজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।