বড়াইগ্রামে প্রাইভেটকার উল্টে চালক নিহত, আহত এক

নাটোরের বড়াইগ্রামে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে চালক নিহত হয়েছেন। তাঁর নাম সম্রাট হোসেন। সড়কের পাশে পড়ে যাওয়া প্রাইভেটকারটিতে থাকা চালকের বন্ধু মেহেদী হাসান আহত হয়েছেন।

শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বনপাড়া-হার্টিকুমরুল মহাসড়কের রয়না ফিলিং স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত প্রাইভেটকার চালক সম্রাট হোসেন পাবনার দাপুনিয়া গ্রামের বাসিন্দা। আহত মেহেদী হাসান কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার কদমতলী এলাকার মফিজুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, পাবনা থেকে দুই বন্ধু সম্রাট ও মেহেদী প্রাইভেটকারে করে ঢাকায় যাচ্ছিলেন। পথে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রয়না ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে পড়ে যায়। এতে গুরুতর আহত হয় প্রাইভেটকারের চালক সম্রাট হোসেন ও তাঁর বন্ধু মেহেদী হাসান। খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বনপাড়া একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সম্রাট হোসেনকে মৃত ঘোষণা এবং আহত মেহেদী হাসানকে চিকিৎসার জন্য ভর্তি করেন। 

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম বলেন, ‘দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও মরদেহ বনপাড়া হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে।’