রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হক কপালে আঘাত পেয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। শোনা যাচ্ছে, কারাগারের ভেতরে তিনি মারধরের শিকার হয়েছেন। তবে কারা কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো তথ্য নিশ্চিত করতে পারেনি।
রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস বলেন, গতকাল বুধবার সন্ধ্যায় এনামুল হককে হাসপাতালে আনা হয়েছিল। তাঁর কপালে আঘাতের চিহ্ন ছিল। তবে কোনো সেলাই লাগেনি। জরুরি বিভাগে চিকিৎসা শেষে তাঁকে আবারও নিয়ে যাওয়া হয় কারাগারে।
তবে কীভাবে আঘাত লেগেছে এ ব্যাপারে কিছুই জানাতে পারেননি এই চিকিৎসক।
গুঞ্জন রয়েছে কারাগারের ভেতর অন্য কয়েদিরা তাঁকে মারধর করেছে। তবে এমন গুঞ্জনের সত্যতা নিশ্চিত করতে পারেনি কারা কর্তৃপক্ষ।
এ ব্যাপারে রাজশাহী ডিআইজি প্রিজন মো. কামাল হোসেন সাংবাদিকদের বলেন, অসুস্থতার কারণে তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে মারধরের ঘটনা নিয়ে তিনি কোনো কিছুই জানেন না বলে জানান।
গত ৫ আগস্ট বাগমারায় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দুটি মামলা হয় তাঁর বিরুদ্ধে। এরপর গত ১৬ সেপ্টেম্বর রাজধানীর আদাবর থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব। আর ২৩ সেপ্টেম্বর আদালতের মাধ্যমে পাঠানো হয় কারাগারে।
এনামুল হক নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হন।