জয়পুরহাটে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 

জয়পুরহাটের পাঁচবিবিতে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে রাজু হোসেন (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পাঁচবিবি পৌর শহরের টিএন্ডটি পাড়া এলাকায় নির্মাণাধীন ভবনে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত শ্রমিক পাঁচবিবির নাকুরগাছী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি কাওসার আলী বলেন, ‘রাজু পৌর শহরের টিএন্ডটি পাড়ার শরীফ উদ্দীনের বহুতল ভবনের তৃতীয় তলায় ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন। কাজ করার একপর্যায়ে অসাবধনতাবশত ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন রাজু। পরে তাঁকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’