পাবনায় অতিরিক্ত মদপানে দুজনের মৃত্যু, অসুস্থ ৩

পাবনার ভাঙ্গুড়া উপজেলার চরভাঙ্গুড়া গ্রামে অতিরিক্ত মদপানে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে এক ঘণ্টার ব্যবধানে তাদের মৃত্যু হয়।

মৃত দুইজন হলো– উপজেলার চর ভাঙ্গুরা গ্রামের রামচন্দ্র ঘোষের ছেলে রবীন ঘোষ (২৫) ও মানিক চৌধুরীর ছেলে হৃদয় চৌধুরী (১৭)।

স্থানীয়রা জানায়, দুর্গাপূজার উৎসব পরবর্তী আনন্দে সোমবার সন্ধ্যার পর বন্ধুদের সঙ্গে অতিরিক্ত মদপান করে অসুস্থ হয়ে পড়ে উপজেলার চরভাঙ্গুড়া গ্রামের ঘোষপাড়ার পাঁচ যুবক। তারা পরস্পরের বন্ধু। তাদের রাতে প্রথমে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার পথে হৃদয় চৌধুরীর মৃত্যু হয়। আর রবিন ঘোষকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. উজ্জল হোসেন সোমবার রাত সাড়ে ১১টায় বলেন, ‘দুজন মারা যাওয়ার খবর আমরা পেয়েছি। আর গুরুতর অসুস্থ তিনজনকে পাবনা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।’

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘মদপান করে পাঁচজন অসুস্থ হয়েছিল। তার মধ্যে দুইজন মারা গেছে। পুলিশ ঘটনাস্থলে পোঁছে লাশের সুরতহাল প্রস্তুত করছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’