পাবনায় ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে শিক্ষার্থীসহ নিহত ২

পাবনার বেড়া উপজেলার আমিনপুরে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার রাতে উপজেলার কাশিনাথপুর-কাজিরহাট মহাসড়কের সিন্দুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আলমগীর।

নিহতরা হলেন- আমিনপুর এলাকার নয়াবাড়ী গ্রামের শহিদুলের ছেলে মোটরসাইকেল চালক মো. পরশ(১৫) এবং সিন্দুরিয়া গ্রামের মন্টুর ছেলে ইজিবাইক চালক পুষ্প (৩৫)। পরশ পাবনা সিটি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, ‘ইজিবাইক কাশিনাথপুর থেকে কাজিরহাটের দিকে যাচ্ছিলেন এবং মোটরসাইকেলটি কাশিনাথপুরের দিকে যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে বাহনদুটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৪ জন আহত হোন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুইজনের মৃত্যু হয়। এ বিষয়ে পরে বিস্তারিত বলতে পারবো।’