নাটোরে অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

নাটোরের নলডাঙ্গায় অটোরিকশার ধাক্কায় ফাতেমা খাতুন নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার বাঁশিলা ইছলাপাড়া গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। 

ফাতেমা খাতুন বাঁশিলা ইছলাপাড়া গ্রামের সেলিম সরদারের মেয়ে ও স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠান রিয়াজুল জান্নাত অ্যাকাডেমির শিশু শ্রেণির ছাত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোনোয়ার হোসেন।

নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি জানান, শিশু ফাতেমা খাতুন বাড়ির সামনে থেকে রাস্তা পার হচ্ছিল। এসময় পাটুল থেকে নলডাঙ্গা বাজারগামী একটি অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশু ফাতেমা খাতুন। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয়দের সাথে আলোচনা করে ও নিহত শিশুর পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।